
নাটোরের সিংড়া উপজেলায় কবুতর চুরির অভিযোগে আকরাম হোসেন (১৮) নামে এক তরুণকে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাটকোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকরাম পারসিংড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পাটকোল গ্রামের কৃষি উদ্যোক্তা ও খামারি মাসুদ করিম মিঠুর কবুতর খামারে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর তিনি পারসিংড়ার আকরামকে সন্দেহ করে গ্রাম্যসালিশ ডাকেন। তবে আকরাম সেখানে হাজির হননি।
শুক্রবার দুপুরে মিঠু ও তার সহযোগী আকরামকে পারসিংড়া থেকে ধরে রিকশায় তুলে পাটকোল গ্রামে নিয়ে যায়। সেখানে মিঠুর পেয়ারা বাগানে তাকে বেধড়ক মারধর করা হয় এবং পরে রাস্তার পাশে ফেলে রাখা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।