নিজস্ব প্রতিবেদক, নীরা :
আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় পে কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করবে এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে নতুন জাতীয় বেতন স্কেলের গ্যাজেট প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে জাতীয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান–এর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির। এ সময় বেতন কাঠামো ও নতুন সুপারিশ প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে বাদিউল কবির গণমাধ্যমকে জানান,
“বেতন গ্রেড কমিয়ে আনা, পে কমিশনের ৩০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা, এবং ১৫ ডিসেম্বরের পূর্বে গ্যাজেট প্রকাশ—এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কমিশন জানিয়েছে, দাবি-দাওয়াগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ চলছে।”
তিনি আরও জানান, দীর্ঘদিন সুপারিশ সম্পর্কে কোনো আপডেট না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে গত কয়েক সপ্তাহ ধরে কর্মচারীরা কমিশনকে সময়সীমা বেঁধে দেন।
এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান আশ্বাস দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশ প্রস্তুত করে জমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
নতুন বেতন স্কেল ঘোষণার জন্য কর্মচারীরা যে অপেক্ষায় রয়েছেন, আজকের বৈঠকের পর সেই প্রক্রিয়া বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।