
নিজস্ব প্রতিবেদক ঁনীরা :
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ দ্রুত সুদহার কমাতে পারে—এমন ধারণা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও চাঙা হয়েছে মূল্যবান ধাতুর বাজার। সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।
আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ১.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪,২১০ দশমিক ৯৪ ডলার। দুই সপ্তাহের মধ্যে এটি সর্বোচ্চ দর। সপ্তাহজুড়ে এ ধাতুর মূল্যবৃদ্ধি হয়েছে ৩.৬ শতাংশ এবং নভেম্বর মাসজুড়ে মোট বৃদ্ধি ৫.২ শতাংশ—যা টানা চতুর্থ মাসের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা নির্দেশ করছে।
ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারও একই দিনে ১.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,২৫৪ দশমিক ৯ ডলারে স্থিত হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও এসেছে বড় চমক। আউন্সপ্রতি ৫৬ দশমিক ৭৮ ডলার ছুঁয়ে ধাতুটি নতুন রেকর্ড গড়েছে। শুধু একদিনেই রুপার দাম বেড়েছে ৬.১ শতাংশ, আর পুরো মাসে বৃদ্ধি দাঁড়িয়েছে ১৬.৬ শতাংশে।
বিশ্লেষকদের মতে, ডলারের দুর্বলতা ও সুদ কমানোর সম্ভাবনা বিনিয়োগকারীদের আবারও মূল্যবান ধাতুর দিকে টেনে এনেছে।
দেশের বাজারেও দাম বাড়ানোর ঘোষণা
আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় চাহিদা-সরবরাহ পরিস্থিতি বিবেচনায় দেশে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৯ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুস জানায়, তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ায় নতুন করে ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভরিতে ১,৩৫৩ টাকা কমানো হলেও এবার দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
২২ ক্যারেট স্বর্ণ (প্রতি ভরি): ২,০৮,১৬৭ টাকা
২১ ক্যারেট স্বর্ণ (প্রতি ভরি): ১,৯৮,৬৯৬ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ (প্রতি ভরি): ১,৭০,৩১৮ টাকা
সনাতনি পদ্ধতির স্বর্ণ (প্রতি ভরি): ১,৪১,৬৪৮ টাকা
স্বর্ণের ভরি সমান ১১.৬৬৪ গ্রাম হিসেবে হিসাব করা হয়।
মন্তব্য করুন