পঞ্চগড় প্রতিনিধি-
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিগত সরকারের সময় দেশের চিকিৎসাসেবা খাত মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে। তিনি জানান, স্বাস্থ্যখাতের এই ঘাটতি কাটিয়ে উঠতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুর ২টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেবীগঞ্জ উপজেলায় বর্তমানে মাত্র ৫০ শয্যার একটি হাসপাতাল রয়েছে, যেখানে প্রায়ই ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি থাকেন। ফলে অনেক রোগীকে মেঝেতে থেকেও চিকিৎসা নিতে হয়। এ পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালটি দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীর উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এ সমস্যা সমাধানে কনসালটেন্ট ও মেডিক্যাল অফিসার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
চিকিৎসা সরঞ্জামের ঘাটতির বিষয়েও তিনি গুরুত্বারোপ করে বলেন, প্রয়োজনীয় মেডিক্যাল ইকুইপমেন্ট সরবরাহের জন্য ঢাকায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার ফ্যামিলি কার্ড প্রদান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতা প্রদান, এবং দেশব্যাপী নদী-খাল খনন কর্মসূচির পাশাপাশি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।