
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি বাপ্পী
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ সমাজসেবক ও ছাত্রনেতা শরীফ আহমেদ। মানবিক এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখেছেন ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবার।
গত ২৭ মার্চ রাতে হঠাৎ নেমে আসা ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বহু বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির কারণে ঘরের চাল ফুটো হয়ে যায়, অনেক ঘরের টিন উড়ে যায় এবং গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এতে নিম্ন আয়ের পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে।
ক্ষতিগ্রস্তদের এই দুরবস্থা লাঘবে সোমবার বিকেলে দেবীগঞ্জ পৌরসভার দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে একটি সহায়তা কার্যক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিনমজুর, ভ্যানচালকসহ নিম্ন আয়ের ২৪টি পরিবারের মাঝে নতুন টিন বিতরণ করা হয়, যা তাদের ভেঙে যাওয়া ঘর মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সহায়তা কার্যক্রমটি বাস্তবায়ন করেন টেপ্রীগঞ্জ ইউনিয়নের তরুণ সমাজসেবক শরীফ আহমেদ। এ উদ্যোগে আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান করেন তুরস্কের সমাজসেবী নাগরিক আলতায়ে আককুছে, যার সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
আলতায়ে আককুছে বলেন, "আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি অসহায়ড়ের পাশের দাড়ানোর। সমাজে যারা বিত্তবান রয়েছে সবাইকে সবার জায়গা থেকে সাহায্য করা প্রয়োজন। যাতে করে সমাজে যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছে, তারা সুস্থ্য স্বাভাবিক জীবন পরিচালনা করতে পারে।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্যোগের পরে যখন ঘরবাড়ি মেরামতের কোনো উপায় ছিল না, তখন এই সহায়তা তাদের জন্য অনেক বড় স্বস্তি নিয়ে এসেছে। একই সঙ্গে তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসা জরুরি। শরীফ আহমেদের এই উদ্যোগ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।