দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে অসুস্থ শিশুসন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় বীথি আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার তিন বছরের ছেলে আব্দুর রহমান গুরুতর আহত হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বীথি আক্তার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার অটোভ্যানচালক জাহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুসন্তানের কানের সমস্যার চিকিৎসার জন্য স্ত্রী ও সন্তানকে নিয়ে পাশের নীলফামারী জেলার ডোমারে গিয়েছিলেন জাহিদুল ইসলাম। রাতে চিকিৎসা শেষে অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে ঝড়-বৃষ্টি শুরু হয়।
পথে ফার্মগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের তীব্র আলোর কারণে অটোভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় সড়কের পাশে নির্মাণকাজের জন্য রাখা বালুর স্তূপে ধাক্কা লেগে অটোভ্যানটি উল্টে যায়।
দুর্ঘটনায় বীথি আক্তার ও তার শিশুসন্তান সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির ট্রাকটি বীথিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয় শিশু আব্দুর রহমান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দেবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।