
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত মোঃ কুরবান আলীকে গ্রেপ্তার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। প্রতারণা, অর্থ আত্মসাৎ ও সাইবার অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত কুরবান আলী কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৌদ্ধপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে সৈয়দপুর থানায় কুরবান আলীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এফআইআর নং-১১ এবং জিআর নং-২৭৪/২০২৫। মামলায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশের ১৮(২)(গ), ২১(২), ২২(২), ২৪(২) ও ২৭(২)(১) ধারায় ডিজিটাল অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এছাড়াও ১৮৬০ সালের দণ্ডবিধির ৪১৭, ৪০৬, ৪২০, ৩৪২ এবং ৫০৬ ধারায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ, অবৈধভাবে আটক রাখা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উল্লেখ করা হয়েছে।
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মতলুবর রহমান বলেন, "অভিযোগের গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করতে কাজ চলছে।"
এদিকে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে অভিযুক্ত এই চক্রের মূল হোতা গ্রেপ্তারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।
আদালত আসামীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।