
সাব্বির হোসেন ,নীলফামারী:
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্মৃতি স্মরণ এবং 'জুলাই সনদ' বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা দাবি করেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে হলে দ্রুত 'জুলাই সনদ' বাস্তবায়ন করতে হবে। অন্যথায় রাজপথে নতুন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় নীলফামারী শহরের ঐতিহাসিক ডিসির মোড়ে জেলা জামায়াতের আয়োজনে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সভাপতির বক্তব্যে তিনি বলেন,জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সৃষ্টি হয়েছিল, তা 'জুলাই সনদ' বাস্তবায়নের মাধ্যমেই পূর্ণতা পাবে। যদি সেই সনদ দ্রুত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হয়, তাহলে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস চলবে না।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য এ্যাড. আলফারুক আব্দুল লতীফ আইনগত ও সাংবিধানিক বিষয় তুলে ধরে বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ের ফসল হিসেবে জুলাই সনদকে রাষ্ট্রের সংবিধানে ও আইনি কাঠামোতে পূর্ণ রূপ দিতে হবে। সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
নীলফামারী-৩ (জলঢাকা)আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন,তরুণ প্রজন্মের ত্যাগের কথা স্মরণ করে বলেন, ২৪-এর জুলাইয়ে আমাদের তরুণ প্রজন্ম রাজপথে জীবন দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। সেই অর্জনকে নস্যাৎ হতে দেওয়া যাবে না। জুলাই সনদের প্রতিটি দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আমরা আবারও রাজপথে নেমে রক্ত দিতে প্রস্তুত
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের যথার্থ সম্মান নিশ্চিত করতে হলে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন জরুরি। সৈয়দপুর ও কিশোরগঞ্জের জনগণকে সঙ্গে নিয়ে আমরা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা এবং জুলাইয়ের চেতনা প্রতিষ্ঠায় রাজপথে সক্রিয় থাকব।
গণ-সমাবেশকে কেন্দ্র করে ডিসির মোড় ও আশপাশের এলাকা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে। সমাবেশের শেষ পর্বে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।