
নীলফামারী প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণে শিশু-কিশোরদের সচেতন করে তুলতে নীলফামারীতে অনুপ্রেরণা - একটি সামাজিক যুব সংগঠন এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’।
ক্যাম্পটি অনুষ্ঠিত হয় আবুল হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল, হরতকিতলা, পলাশবাড়ী, নীলফামারীতে। এতে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, আবহাওয়া, প্লাস্টিক দূষণসহ বিভিন্ন পরিবেশগত বিষয় নিয়ে সচেতনতামূলক সেশন প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের চারটি দলে বিভক্ত করে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে নিজ নিজ এলাকার পরিবেশগত সমস্যা, সমস্যার কারণ এবং সম্ভাব্য সমাধান চিহ্নিত করার কার্যক্রম পরিচালনা করা হয়। এতে শিক্ষার্থীরা বাস্তবধর্মী আলোচনার মাধ্যমে পরিবেশ রক্ষায় নিজেদের ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আব্দুল আউয়াল, কনসালট্যান্ট (শিশু বিভাগ), নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং অনুপ্রেরণার উপদেষ্টা। তিনি বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সমাজের কল্যাণে ভালো কাজে মানুষের অংশগ্রহণ বাড়াতে না পারলে দেশ ও সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রইসুল ইসলাম রানা, সদস্য সচিব, ছাত্রদল, নীলফামারী সরকারি কলেজ শাখা। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে এবং শিক্ষার্থীদের মাদকসহ সব ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে হবে।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল হোসেন বলেন, “আমরা একটি গাছ কাটলে অন্তত ১০টি গাছ রোপণ করার মানসিকতা গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ। বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত পরিবেশ বিষয়ে সচেতন করা হয় এবং পরিবেশভিত্তিক শিক্ষা প্রদান করা হয়।”
অনুপ্রেরণা - একটি সামাজিক যুব সংগঠনের সভাপতি সাকিল ইসলাম বলেন, “এই ক্লাইমেট ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে মৌলিক ধারণা দেওয়া হয়েছে। দলীয় কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদের এলাকার পরিবেশগত সমস্যা, সমস্যার কারণ এবং সম্ভাব্য সমাধান চিহ্নিত করেছে। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের সচেতনতামূলক আয়োজন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।”
এ সময় অনুপ্রেরণার সদস্য রঞ্জু ইসলাম, জয়দেব রায়, সাদিকুল ইসলাম ও নাজমুল হোসেন নিলয় উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ ও জলবায়ু বিষয়ে শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মো: আজহারুল ইসলাম
প্রধান কার্যালয়: ইব্রাহিমপুর, মিরপুর, ঢাকা-১২১০। আঞ্চলিক কার্যালয়: উকিলের মোড়, কলেজ স্টেশন রোড়, নীলফামারী।