দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে বক্তব্যকালে প্রতিমন্ত্রী পীর-মুরিদ, তরিকাপন্থী, মাজারপন্থীসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, “আপনারা আমাকে অত্যন্ত সমর্থন দিয়েছেন। আমি এখন বোদা-দেবীগঞ্জের মন্ত্রী। পীর-তরিকাপন্থী ও মাজারের সঙ্গে সম্পৃক্ত ভাইদের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। দেবীগঞ্জসহ পুরো পঞ্চগড় জেলায় যারা পীর, মুরিদ বা মাজার ভাঙতে আসবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “নিজেদের ভ্রান্ত ধারণা ও ভুলগুলো আগে দেখুন, এরপর মাজার ভাঙার সিদ্ধান্ত নিন। আপনারা জাতীয়তাবাদী দলের পরিচয়ে থাকলেও যদি ঘৃণ্য কর্মকাণ্ডে লিপ্ত হন, আমরা ঘরে বসে থাকব না।”
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মর্যাদা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “পৃথিবীর ইতিহাসে হযরত মুহাম্মদ (সা.) সর্বশ্রেষ্ঠ মানব। তাই কেউ যেন আমাদের নবী (সা.), তাঁর সুন্নত ও আদর্শ নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য দেওয়ার চেষ্টা না করেন।”
অন্তর্বর্তী সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। আগে নিজেদের দিকে তাকাতে হবে—কী ভুল করছি, কী অন্যায় করছি।”
প্রতিমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়; বরং শান্তিপূর্ণভাবে প্রত্যেকের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস, চিন্তা ও মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অন্যের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতিও সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অসাম্প্রদায়িক চিন্তা ও ধর্মীয় সম্প্রীতির পক্ষে যারা কাজ করবেন, ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্বে আসবেন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী দলের উপজেলা, ইউনিয়ন ও পৌর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক:
নাহিদ সিদ্দিক বাপ্পী
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
মোবাইল: ০১৯০৬৩৩৬৬২০
মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ


