
নিজস্ব প্রতিবেদক, রকি :
নীলফামারীতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ইউনিট কার্যালয় প্রাঙ্গণে। সভা শেষে ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নীলফামারী রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এর আগে আহ্বায়ক কমিটির সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিটের আজীবন সদস্য মারুফ খান।
পরবর্তীতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: বজলুল করিম চৌধুরী
সাধারণ সম্পাদক: মীর সেলিম ফারুক
কার্যনির্বাহী সদস্য: সৈয়দ মেহেদী হাসান আশিক, আলিফ সিদ্দিকী প্রান্তর, অধ্যাপক সেতারা সুলতানা চৌধুরী, মোস্তফা হক প্রধান বাচ্চু এবং অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো।
সকাল সাড়ে ১১টায় জাতীয় পতাকা ও রেডক্রিসেন্টের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার উদ্বোধন করা হয়। পরে মৃত্যুবরণকারী আজীবন সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নীলফামারী রেডক্রিসেন্ট ভবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নিজস্ব জমিতে বহুতল ভবন নির্মাণ করে প্রতিষ্ঠানকে আরও গতিশীল করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
এসময় অধ্যাপক রইসুল আলম চৌধুরী এবং আজীবন সদস্য আতাউর রহমান মুকুলও বক্তব্য রাখেন।
মন্তব্য করুন