
নিজস্ব প্রতিবেদক, নীরা:
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি সম্মান জানাতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে গান স্যালুট প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর পুরাতন বিমানবন্দরে সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান থেকে এই সালাম জানানো হয়।
তোপধ্বনির পরপরই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিজয় দিবস উদ্যাপনকে আরও বর্ণিল করতে রাজধানীতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টা থেকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাই-পাস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একই স্থানে আয়োজন করা হবে বিশেষ বিজয় দিবস ব্যান্ড শো।
এ ছাড়া স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার সকাল ১১টা ৪০ মিনিট থেকে পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শনী করবেন। এই আয়োজনের মাধ্যমে সর্বাধিক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
মন্তব্য করুন