
নিজস্ব প্রতিবেদক রকি:
নীলফামারীতে দারিদ্র বিমোচনে যাকাতের কার্যকর ভূমিকা ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।
প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ। তিনি তার প্রবন্ধে বলেন, যাকাত শুধু একটি ধর্মীয় বিধান নয়, বরং এটি সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে দারিদ্র্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেমিনারটি সঞ্চালনা করেন নীলফামারী সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ওমর ফারুক।
সভাপতির বক্তব্যে মোছাদ্দিকুল আলম জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে নীলফামারী জেলায় মোট ১৩ লাখ ৪৯ হাজার ৩০০ টাকা যাকাত আদায় হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ অর্থাৎ ১০ লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে।
সেমিনার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন নীলফামারী বড় মসজিদের খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নুরী।
মন্তব্য করুন