
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ের দাম নতুনভাবে নির্ধারণ হচ্ছে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বরে সৌদি সিপি মূল্যের ভিত্তিতে এদিন মাসিক মূল্য সমন্বয়ের ঘোষণা দেওয়া হবে।
বিইআরসি’র বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকেল ৩টায় এক মাসের জন্য নতুন মূল্য প্রকাশ করা হবে।
এর আগে আগস্টে ভোক্তাদের জন্য দাম কিছুটা কমানো হয়েছিল। সে সময় ১২ কেজির সিলিন্ডার ৯১ টাকা কমে ১ হাজার ২৭৩ টাকায় নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমে দাঁড়ায় ৫৮ টাকা ২৮ পয়সায়।
জুলাই মাসে ২৩ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৩৯ টাকা, আর ১২ কেজির দাম নামিয়ে আনা হয়েছিল ১ হাজার ৩৬৪ টাকায়। একই সঙ্গে অটোগ্যাসের দামও কমে দাঁড়ায় প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা।
জুন মাসেও একই প্রবণতা দেখা যায়। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমে হয় ১ হাজার ৪০৩ টাকা। অটোগ্যাসের লিটারপ্রতি মূল্য তখন কমে দাঁড়ায় ৬৪ টাকা ৩০ পয়সা।
আজকের ঘোষণায় সেপ্টেম্বরে দাম বাড়বে নাকি কমবে—সেটিই এখন ভোক্তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
মন্তব্য করুন