
নিজস্ব প্রতিবেদক, নীরা:
বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক আয়োজন হিসেবে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবছর মূল ইজতেমাকে সফল করতে আগে থেকেই এই জোড়ের আয়োজন করা হয়। প্রস্তুতি, পরামর্শ ও আমল-আখলাকের দিকগুলো বিস্তারিতভাবে আলোচনা করতে দেশের বিভিন্ন প্রান্তের সাথেসাথে বিদেশ থেকেও তাবলিগের মেহমানরা অংশ নেন।
এবারের জোড়ে ইতোমধ্যে ভারত, পাকিস্তান, কিরগিজস্তান, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, ইয়েমেন, চীন, সৌদি আরব, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ মোট ১৯টি দেশের প্রায় ৭০০ মেহমান উপস্থিত হয়েছেন।
ইজতেমা মাঠের প্রতিটি খিত্তায় ধারাবাহিক বয়ান, দাওয়াতি আলোচনাসহ চিল্লার জামাত প্রস্তুতির কাজ চলছে বলে জানান আয়োজকরা। আগামী ২ ডিসেম্বর (মঙ্গলবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমার সমাপ্তি হবে।
এদিকে ইজতেমায় অংশ নিতে এসে এ পর্যন্ত তিনজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন