
পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী থ্রি হুইলারের (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের চন্দনবাড়ী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পঞ্চগড় সদর উপজেলার আমলাহার গ্রামের ধীরেন রায়ের স্ত্রী খৈটালী বালা (৫২) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী থানার বোর্ড অফিস কাঠালতলী এলাকার আব্দুল সাত্তারের স্ত্রী চম্পা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ উপজেলা থেকে চালকসহ সাতজন যাত্রী নিয়ে একটি থ্রি হুইলার বোদার দিকে যাচ্ছিল। পথিমধ্যে চন্দনবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন এবং অন্যরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ট্রাক ও থ্রি হুইলারের সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নারীর মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন