
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
নাহিদ সিদ্দিক বাপপী
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ঢাংগীর হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার প্রায় ১৫’শ রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ গ্রহণ ও ঔষধ প্রদান করা হয়।
রবিবার (৩১ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ প্রদান করেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা। ক্যাম্পে সাধারণ রোগী, শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি তিন দিনের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মরহুম মছির উদ্দিন প্রধান পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মছির উদ্দিন প্রধান পরিবারের নূরে আলম টুটুল। এ সময় উপস্থিত ছিলেন মরহুম মছির উদ্দিন প্রধানের সহধর্মিনী ঝরনা বেগম, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু নোমান মোঃ ইফতেখারুল তৌহিদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ-সচিব মাহাবুব আলম রতন, অ্যাডভোকেট নজরুল ইসলাম সহ পরিবারের আরো অন্যান্য সদস্যরা।
মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের সভাপতি মোঃ নাজিমুল ইসলাম প্রধান ও সদস্য সচিব মোঃ আবুল বাশার প্রধান জানান, মানবিক দায়বদ্ধতা থেকে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন পামুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু মণি ভূষণ রায়, পামুলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এরকম আয়োজন পরবর্তীতে চলমান রাখার জন্য আহ্বান জানান।
মন্তব্য করুন