
শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও আন্তর্জাতিক পরিসরে নিজেদের দক্ষতা বাড়াতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে অনুষ্ঠিত নবীনবরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নরসিংদীর রায়পুরা এলাকার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার) এ অনুষ্ঠানের আয়োজন করে।
তৌহিদ হোসেন বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে টিকে থাকতে শিক্ষার্থীদের শুধু বাংলা ও ইংরেজিতে দক্ষ হলেই চলবে না। এর পাশাপাশি জাপানি, চীনা, কোরিয়ান, স্প্যানিশ কিংবা ফরাসি ভাষার মতো অন্তত একটি বিদেশি ভাষা শেখা জরুরি। এতে আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ বাড়বে এবং ভবিষ্যতে চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না।তিনি আরও বলেন, বিদেশি ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে পারে। এর ফলে ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।পাসপোর্টে বয়স সংক্রান্ত অনিয়মের বিষয়েও সতর্ক করেন সাবেক এই পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অনেকেই অল্প বয়সে শ্রমিক ভিসায় বিদেশে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্টে বয়স বাড়িয়ে দেখানোর চেষ্টা করে। এ ধরনের অনিয়ম বন্ধ করা প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, যদি তরুণরা দক্ষতা অর্জনে মনোযোগ দেয়, তাহলে ইউরোপে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার মতো বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার। এতে তারা শিক্ষা অর্জনে আরও উৎসাহিত হবে।তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হতে পারে।
ডুসারের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সৈকত অনুষ্ঠানে সঞ্চালনা করেন। এ সময় আরও বক্তব্য দেন সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মো. ফখরুল ইসলাম তালুকদার, ডুসারের স্থায়ী উপদেষ্টা রহমত উল্লাহ, ছাত্র উপদেষ্টা মো. আল-আমিন, আতিকুর রহমান আতিক, সদ্য বিদায়ী সভাপতি আবু আহমেদ ফাহাদ এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসারের সভাপতি মো. নাজমুল কাদের।
মন্তব্য করুন