
মোঃ সাগর আলী, নীলফামারীঃ
নীলফামারী সদর উপজেলায় সংগলশী এলাকায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি গুড নেইবার্স বাংলাদেশ, নীলফামারী সিডিপি হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুণীর ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় মিরু এবং গুড নেইবার্স বাংলাদেশ নীলফামারী সিডিপির ম্যানেজার বিভব দেওয়ান।
অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি না হলে টেকসই সমাজ গঠন সম্ভব নয়। তারা নারীদের অধিকার, নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি মোঃ ফিরোজ সরকার তার বক্তব্যে বলেন, নারীরা বর্তমানে সমাজ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা হলে সমাজ আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য একজন নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অতিথিবৃন্দ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে তার কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজ উন্নয়নে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন।
আলোচনা সভায় স্থানীয় নারী সদস্য, অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন