দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় লিটু চন্দ্র রায় (মাদকসেবী ও ব্যবসায়ী হিসেবে স্থানীয়দের অভিযোগ) নামে এক ব্যক্তিকে ১৩ পিছ নেশাজাতীয় ট্যাবলেট টাপেন্টাডলসহ আটক করা হয়।
রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মধ্যপাড়া এলাকার কয়েকজন তরুণ মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন। আটক লিটু চন্দ্র রায় ২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার মৃত মঙ্গল চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, লিটু দীর্ঘদিন ধরে মধ্যপাড়া এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় নেশাজাতীয় ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও বিক্রি করে আসছিলেন। এলাকায় মাদকের বিস্তার রোধ এবং নিজেদের এলাকা মাদকমুক্ত রাখার উদ্দেশ্যে স্থানীয় তরুণরা উদ্যোগ নিয়ে তাকে আটক করেন।
পরে বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হলে পুলিশ সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৫ উপধারা অনুযায়ী লিটু চন্দ্র রায়কে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ফলে মোট ৪৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
স্থানীয় তরুণরা জানান, শুধু প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রতিটি পাড়া-মহল্লার মানুষকে সচেতন ও সজাগ হয়ে কাজ করতে হবে। নিজেদের এলাকা মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এদিকে স্থানীয় যুব সমাজের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া। তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে তরুণদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
দেবীগঞ্জে যুব সমাজের মাদকবিরোধী অভিযান, মাদকসেবী ও ব্যবসায়ী আটক, ৪৮ দিনের কারাদণ্ড




