
নিজস্ব প্রতিবেদক, রকি :
নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চাঁদাবাজ চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচিত ঘটনার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি ২০২৫ বিকাল আনুমানিক ৪ টার দিকে নীলফামারী পৌর এলাকার বড় মাঠের পূর্ব পাশে তাপস রায় (২২) তার স্ত্রী আশা রায় (১৯)-এর সঙ্গে বসে কথা বলছিলেন। এ সময় এজাহারভুক্ত আসামিসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাদের ঘিরে ধরে অবৈধভাবে আটক করে এবং ৫ হাজার টাকা চাঁদা দাবি করে।
অভিযোগ অনুযায়ী, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাপস রায়কে গালিগালাজ ও মারধর করে এবং ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে। তার স্ত্রী বাধা দিতে এগিয়ে এলে তাকে ধাক্কাধাক্কি করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। পরে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিনের আলোতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন ঘটনা ঘটায় বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও সচেতন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে নীলফামারীর পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানাকে দ্রুত তদন্তের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ডিবির অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে এবং এসআই (নিঃ) রাসেল শেখের নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।
অভিযানের ধারাবাহিকতায় ৩০ জানুয়ারি ২০২৫ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর থানার চড়াইখোলা বটতলী বাজারের পশ্চিম পাশে কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ মামুন শেখ ওরফে জঙ্গী মামুন ওরফে ভাইরাল মামুন (২৫)-কে গ্রেফতার করা হয়। তিনি ইটাখোলা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বড় মাঠ এলাকায় আগত দর্শনার্থীদের টার্গেট করে চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মামলা নং-৪২, তারিখ ৩০/০১/২০২৬, জিআর নং-৪২/২০২৬ রুজু করা হয়েছে। মামলায় পেনাল কোডের ৩৪১/৩৮৫/৩৮৬/৩২৩/৫০৬/৩৪ ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০০-এর ১০ ধারা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫(১) ধারা সংযুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন