
নিজস্ব প্রকিবেদক রকি:
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৯১০ (নয়শত দশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (০২ মার্চ ২০২৬) মাননীয় পুলিশ সুপার, নীলফামারীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় নীলফামারী সদর থানার পৌরসভাধীন নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়-এর সামনে বড়মাঠ সংলগ্ন এলাকায়। এসময় মোঃ রব্বানী মিয়া (৩৪), পিতা- মোঃ খাজা মিয়া, সাং- মিলনপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুরকে আটক করা হয়।
ধৃত আসামির দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের পেছনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো দুটি পোটলায় ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নীলফামারী সদর থানাধীন সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে শয়নকক্ষের সিলিংয়ের ভেতরে একটি ছোট প্লাস্টিকের বৈয়ামে রাখা আরও ৮১০ (আটশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এতে মোট (১০০+৮১০) = ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৩ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত রব্বানী মিয়া দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবস্থান করে পরিচয় গোপন রেখে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা (মামলা নং-০৪, তারিখ-০২/০৩/২০২৬, জিআর নং-৭১/২০২৬) রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন