
দুবাইয়ে ভারতের বিপক্ষে ৪১ রানের হারের পর এখন বাংলাদেশের সামনে বেঁচে থাকার একমাত্র সুযোগ—বৃহস্পতিবারের (২৫ সেপ্টেম্বর) পাকিস্তান ম্যাচ। কার্যত সেমিফাইনাল হয়ে ওঠা এই লড়াইকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, তবে বড় প্রশ্ন একটাই: লিটন দাস কি নামবেন মাঠে?
ভারতের বিপক্ষে ম্যাচে লিটনকে ছাড়াই নেতৃত্বে ছিলেন জাকের আলী। অনুশীলনের সময় পিঠে চোট পাওয়ায় লিটনকে বিশ্রামে রাখা হয়। যদিও অনেকেই মনে করছেন, ম্যাচের গুরুত্ব এবং টানা খেলায় শারীরিক চাপ বিবেচনায় কোচিং স্টাফ তাকে সচেতনভাবে বাইরে রেখেছিলেন।
ম্যাচ শেষে জাকের জানান, “আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি লিটনকে খেলানোর জন্য। তবে পরিস্থিতি ভিন্ন ছিল, আর সে কারণে আমি দায়িত্ব পালন করেছি।”
দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, লিটনের পুরো ফিটনেস এখনও ফিরে আসেনি। তবু ম্যাচের গুরুত্ব বিবেচনায় ঝুঁকি নিয়ে হলেও তাকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
জাকের আরও বলেন, “লিটন এখন পুনর্বাসনে আছে। আমরা তার অবস্থার ওপর নজর রাখছি। ফিটনেস টেস্টের ফলের ওপরই নির্ভর করবে তার খেলার সিদ্ধান্ত।”
বাংলাদেশের জন্য এ ম্যাচ জয়ের বিকল্প নেই। সুতরাং লিটনের অনিশ্চয়তা শুধু সমর্থকদের নয়, পুরো দলের পরিকল্পনার জন্যই বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন