
সাব্বির হোসেন, নীলফামারী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে ভারসাম্যহীন, অসীম ও লাগামহীন ক্ষমতা কেন্দ্রীভূত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। একই ধরনের ক্ষমতা কেন্দ্রীকরণের পথে বর্তমানে বিএনপিও হাঁটছে বলে অভিযোগ করেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত দুই দিনব্যাপী উপজেলা ও থানা কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি বা সরকার এককভাবে রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণ করতে না পারে, সে জন্য রাষ্ট্রীয় কাঠামোয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছিল। এতে ৮৪টি সাংবিধানিক ও রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।
তিনি অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার গঠন করার পর বিএনপির মধ্যে কর্তৃত্ববাদী মনোভাব তৈরি হয়েছে। ফলে রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ এবং এর ভিত্তিতে অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় পাঁচ কোটি মানুষের দেওয়া রায়কে তারা উপেক্ষা করছে।
জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্রব্যবস্থাকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দলীয়করণমুক্ত করার পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই ৮৪টি সংস্কার প্রস্তাব আনা হয়েছিল। জনগণও তাতে সমর্থন দিয়েছিল। কিন্তু বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে। এতে দেশ সংঘাতের দিকে এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, দায়িত্বশীল ও কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন