
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী):
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক, পুরস্কার এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীলরতন দেব এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন। এছাড়াও বিভিন্ন সমিতির সদস্য, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বলেন, “পরিবেশ সুরক্ষা ও টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণই একটি সমৃদ্ধ গ্রাম গঠনের প্রধান ভিত্তি।”
আলোচনা সভা শেষে দুটি সমিতির অনুকূলে মোট ১৪ লাখ ৪২ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে সমিতির সদস্যদের মাঝে বৃক্ষের চারা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মন্তব্য করুন