
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরঞ্জাবাড়ি এলাকার কাঠালতলীতে নদীভাঙনের কবলে পড়ে প্রায় ২০০ মিটার সড়ক বিলীন হয়ে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে গুরুত্বপূর্ণ এ সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও কার্যকর স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।
শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। তিনি সরঞ্জাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরঞ্জাবাড়ি মসজিদ পর্যন্ত নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সড়কটি ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিস্তারিত খোঁজখবর নেন।
স্থানীয় বাসিন্দারা এমপিকে জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে ভাঙনের শিকার হয় সড়কটি। বছরের পর বছর ভাঙতে ভাঙতে এখন প্রায় ২০০ মিটার রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তারা আরও জানান, বর্তমানে বিকল্প কোনো সরকারি রাস্তা না থাকায় বাধ্য হয়ে একজন ব্যক্তির বাড়ির আঙিনা দিয়ে চলাচল করছেন এলাকাবাসী। ওই পথটি বন্ধ হয়ে গেলে পুরো এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এই দুর্ভোগের শিকার হচ্ছেন।
এ সময় স্থানীয়রা সংসদ সদস্যের কাছে দ্রুত সড়কটি পুনর্নির্মাণ এবং নদীভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় বরাদ্দ এনে দ্রুত কাজ শুরু হলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।
সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, ক্ষতিগ্রস্ত সড়কটি পুনর্নির্মাণ এবং নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
পরিদর্শনকালে উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন