
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৪২ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশুর মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ২১৬টি অস্থায়ী কেন্দ্র এবং একটি স্থায়ী কেন্দ্রসহ মোট ২১৭টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ২০০ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৭ হাজার ৮০০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিভাগ জানায়, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত বয়সের সব শিশুকে ক্যাম্পে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমির ও এমপি প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, সংরক্ষিত মহিলা এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মন্তব্য করুন