মোঃ আবুল হাসেম,
জেলা প্রতিনিধি
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে পরিবেশ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারীর সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। সভাপতিত্ব করেন নীলফামারী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রকল্পটির পরিচালক ও পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার উপপরিচালক সৈয়দ আহম্মদ কবির, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এছাড়া জুট মিল, ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, টেক্সটাইল মিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট অংশীজনরা কর্মসূচিতে অংশ নেন।
সভায় পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, শিল্পকারখানায় পরিবেশগত বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন, বায়ু ও পানি দূষণ রোধ এবং পরিবেশবান্ধব কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণই হতে পারে একটি টেকসই ও বাসযোগ্য নীলফামারী গড়ার অন্যতম প্রধান ভিত্তি।



