সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিষাক্ত পদার্থ সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় লিমু আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লিমু আক্তার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাজেডুমরিয়া পূর্বপাড়া এলাকার দয়াল মিয়ার মেয়ে। সে স্থানীয় ছিট রাজীব আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে নিজ বাড়িতে বিষাক্ত পদার্থ সেবনের পর লিমু অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, ব্যক্তিগত বা পারিবারিক কোনো বিষয় নিয়ে মানসিক চাপে পড়ে সে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। তবে বিষপানের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।



