সাব্বির হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আলিফনুর রহমান (২২)। তিনি ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলিফনুর রহমান নিয়মিত মাদক সেবন করতেন। মাদক সেবন করে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও নানা ধরনের অত্যাচার চালাতেন বলে অভিযোগ রয়েছে। সোমবার দুপুরে মাদক সেবন করে বাড়িতে এসে মাতলামি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করতে থাকেন।
ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে তার বাবা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলিফনুর রহমানকে আটক করে।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী বলেন, “মাদকাসক্ত অবস্থায় ওই যুবকের বাবা তাকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।




