মোঃ আবুল হাসেম
জেলা প্রতিনিধি
নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) নীলফামারী সদর উপজেলার চাঁদের হাট এলাকায় পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স সুজন স্টোর-কে ১ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য প্রতিষ্ঠানটির মালিককে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজীর ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন।
অভিযান চলাকালে এলাকার অন্যান্য দোকান মালিকদেরও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানদারদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে নীলফামারী পুলিশ বিভাগের একটি চৌকস দল সহযোগিতা করে।




