মোঃ আবুল হাসেম,
স্টাফ রিপোর্টার
উত্তরের বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত নীলফামারীর সৈয়দপুরে গত কয়েক মাসে চুরি, ছিনতাই ও প্রতারণার ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। দিনের বেলায় মোটরসাইকেলে এসে পথচারীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় শহরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বাড়ছে।
সৈয়দপুর শহরে প্রতিদিন জেলা ও বিভাগের বিভিন্ন এলাকা থেকে ব্যবসা-বাণিজ্যসহ নানা প্রয়োজনে হাজারো মানুষ আসেন। শহরে রয়েছে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন জেলার যাত্রীরাও প্রতিদিন এ শহর দিয়ে চলাচল করেন। ফলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে শহরের ব্যস্ত সড়কগুলোতে মোটরসাইকেলে এসে পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। একই সঙ্গে রাতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনাও ঘটছে। এসব ঘটনায় থানায় লিখিত অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা হলেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সহায়তা মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।
সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি, ছিনতাই, প্রতারণা ও কিশোর গ্যাংয়ের সংঘর্ষের ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
গত ১৫ সেপ্টেম্বর ভোরে শহরের প্লাজা মার্কেটের নিচতলায় বিদ্যুৎ জুয়েলার্স ও ইনফিনিক্স মোবাইলের শোরুমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা দুটি দোকান থেকে স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ইনফিনিক্স মোবাইল শোরুমের মালিক আহাদ আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করেন।
তবে মামলা দায়েরের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ—এমন অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। পরে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্লাজা মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন করেন। মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এর আগে গত ২৭ আগস্ট রেজওয়ান নামে এক কিশোরের চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা যাত্রীবেশে তার ভ্যানে ওঠে। পরে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে গিয়ে কৌশলে তাকে পান আনতে পাঠিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
এর আগের দিন সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের বাড়াইশাল পাড়া এলাকার আরিফুজ্জামান স্ত্রীকে নিয়ে কেনাকাটা শেষে রিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মোবাইল ফোনে কথা বলার সময় পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এখনো মোবাইল ফোনটি উদ্ধার হয়নি বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র হিসেবে সৈয়দপুরে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের চলাচল রয়েছে। এ অবস্থায় চুরি-ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও তৎপরতা প্রয়োজন। পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, চুরি-ছিনতাই ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। প্রতিটি অভিযোগ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।



